

নবীগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দখল করে এক বিএনপি নেতার বিরুদ্ধে সীমানা দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে । এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, ঝিটকিয়া গ্রামের কামাল হোসেন লিখিত অভিযোগে জানান,নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন জোর পূর্বক উপজেলার ঝিটকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতাযাতের সরকারী সড়কের একটি অংশ দখল করে পাকা সীমানা প্রাচীর নির্মান করেন। এতে গ্রামবাসী বাঁধা প্রদান করলেও তিনি তা অমান্য করে ক্ষমতা দেখিয়ে পাকা দেয়াল নির্মান করেন। ফলে সড়ক দিয়ে সাধারন জনতা ও ছাত্র ছাত্রীদের চলাচল বিঘ্নিত হচ্ছে।
অভিযুক্ত দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন এর সাথে সড়ক দখলের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জালাল আহমদ বলেন, আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনের বিরুদ্ধে সরকারী প্রাইমারী স্কুলের সড়ক দখলের অভিযোগ পাওয়া গেছে, ঘটনা সঠিক হলে আমরা দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, আমরা এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।