

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মৌজায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে বাজেট ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ কোটি টাকা৷
শুক্রবার(১৭ এপ্রিল) বিকালে ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার জয়তীছড়ার পাশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং এলাকাবাসী।
এই প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড়ে বাধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের জন্য আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া এবং পাত্রীকুল মৌজার প্রায় চার হাজার একর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা এসব জমি পুনরায় কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর ফলে স্থানীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এব্যাপারে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই নীতির আলোকে দেশের কৃষককে স্বাবলম্বী করতে কৃষি কার্ড বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন। আমরাও স্থানীয়ভাবে এসব বিষয়কে প্রাধান্য দিয়ে অগ্রধীকার ভিত্তিতে বাস্তবায়ন করতে জোড়ালো ভূমিকা রাখায় সচেষ্ট রয়েছি। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এসব বাস্তবায়ন সম্ভব নয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন পূর্ণ মেয়াদে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।