তেতুলিয়া উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিনের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভিডিও ধারণ শুরু করলে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন সাংবাদিকদের ভিডিও করতে নিষেধ করেন ।
এতে সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক ভাবে মতবিনিময় সভা বর্জনের সিদ্ধান্ত নেন ।
জানা যায় বিকাল ২,৩০ টায় অনুষ্ঠেয় সভা বিকাল ৩ টার পর অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত সাংবাদিকরা বিকাল ২ টায় এসে এক ঘণ্টার অধিক সময় বাইরে অপেক্ষা করেন। সভায় সুধীজনদের সাথে সাংবাদিকরা হলরুমে গিয়ে বসেন। এ সময় সাংবাদিকদের ডিসি শুকরিয়া পারভিন বলেন ভিডিও করছেন কেন। আপনার কে? সাংবাদিকদের প্রকাশ্যে ছবি ও ভিডিও করতে নিষেধ করেন। সভাস্থলে ঠিকমতো বসার জায়গা না হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যানারে সাংবাদিকের উল্লেখ না থাকায় সাংবাদিকরা তাৎক্ষণিক সভা বর্জন করে বাইরে এসে অবস্থান নেন।
এ সময় কয়েকজন সাংবাদিক গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা সভায় আসতে বলে তাদের অসম্মান ও বিভ্রান্ত করার কথা বলেন। এই সাথে তারা উপজেলা প্রশাসনের সকল নিউজ বর্জনের সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসলে জেলা প্রশাসক মহোদয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে সভা করতে বলেছেন। সে অনুযায়ী আমি সভা আয়োজন করি। তবে আমি সাংবাদিকদের সভায় আসতে বলেছি। তারা সভায় এসেছিলেন, কিন্তু সভার শুরুতেই তারা কেন সভাকক্ষ ছেড়ে বাইরে গেলেন তা বুঝতে পারিনি।