

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী কমিটির সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমদ, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ এর আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) টিআইবি এর যুগ্ন আহবায়ক মসুদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নং ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নানা ধরণের প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অন্যায়-দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে কেউ টু-শব্দটি করলে বা তার অপকর্মের প্রতিবাদ করলে মামলা করে হয়রানি, নানা ধরনের ভয়-ভীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করে প্রতিবাদকারীদের নাজেহাল করেন তিনি। আলতাফের যন্ত্রণায় অতিষ্ঠ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও।
আলতাফুর রহমান কর্তৃক হয়রানি মামলা থেকে রেহাই পায়নি সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে বিএনপি নেতা এবং গণমাধ্যমকর্মীরাও। আলতাফুর রহমানের প্রতারণা, দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভিক অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির সংবাদ প্রকাশ করেন। এর জেরে দীর্ঘ ৬ মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলভীবাজার আদালতে সাংবাদিক এহসানের বিরুদ্ধে তিনি মিথ্যা ও হয়রানি মামলা দায়ের করেন।
মানবন্ধনে নেতৃবৃন্দ অনতিবিলম্বে এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় সাংবাদিকসমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সাথে এ বিষয়ে আজ কথা বলব। ওয়ার্ড নেতার বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা নেওয়া হবে।