পঞ্চগড় জেলার সদরে উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর পুলিশ সদস্য।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে মহাসড়কে উঠছিলেন। এ সময় বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মোটরসাইকেলের সঙ্গে ওই বাইসাইকেলের ধাক্কা লাগলে মহাসড়কের পাশে দুজনই ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা আহত মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার রায় বলেন, ‘নিহতের মাথা-কানসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।