শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

যশোরে ডিবির অভিযানে

ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ তরুণী আটক

শাহারুল ইসলাম ফারদিন
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৮ এই পর্যন্ত দেখেছেন

যশোরে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ কেজি এফিড্রিন ও ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি দল রাত ৯টার দিকে মনিহার এলাকায় ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালানো হলে শাপলা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের মালামাল রাখার বক্স থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। শুক্রবার উদ্ধার করা বস্তাগুলো খুলে যাচাই-বাছাই শেষে দেখা যায় ভেতরে ১০টি প্যাকেটে মোট ২৫ কেজি এফিড্রিন এবং তিনটি বোতলে ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড রয়েছে। এসব রাসায়নিক ব্যবহার করে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরি করা হয় বলে জানিয়েছে ডিবি।

আটক শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আকড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ভারত থেকে এসব কাঁচামাল এনে তাকে সরবরাহ করেন। তার দায়িত্ব ছিল এগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় পৌঁছে দেওয়া।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক অলোক কুমার দে বলছেন, আটক তরুণী একটি মাদক চক্রের হয়ে কুরিয়ার হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আজমল হোসেন লাল্টুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক আজমল হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102