

আমার কান্না তুমি দেখো না,
দেখতে চাও না বলেই—
আমার বুকের ভেতরকার কষ্ট,
মগজের গভীর যন্ত্রণা,
তীব্র আর্তনাদ—
তোমার কিছুই যায় আসে না।
আমি মানুষ ভালোবাসি,
তুমি ভালোবাসো শুধু নিজেকে।
আমার গহীনের যে প্রেম
তোমায় সাজাব বলে উজাড় করে দিই—
তুমি তাকে মেপে নাও
স্বর্ণালঙ্কারের ওজনে।
তুমি যখন যেখানে,
তখন তার মতো হতে পারো—
আমি পারি না।
তুমি আমার সোনার বাংলা পাল্টাতে চাও,
আর আমি গাইতে চাই
আমার সোনার বাংলা—
আরও বেশি বাঙালি হওয়ার অভিপ্রায়ে।
ত্রিশ লক্ষ নিয়ে প্রশ্ন তোলো তুমি,
আর আমি ত্রিশ— কিংবা তারও অধিক—
শহীদের সম্মানে
জীবন বাজি রাখতে চাই।
তুমি ক্ষমতা চাও দেশ বিকিয়ে,
আমি সব উজাড় করে দিতে চাই
লাল-সবুজের তরে।