যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না বলে মন্তব্য করেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন , বাংলাদেশের মানুষ কোনোভাবেই সেই দলকে সমর্থন করবে না, যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারু তলায় বিএনপি প্রার্থী ফরাদ হোসেন আজাদের এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রাম করেছেন। তিনি মেয়েদের লেখাপড়া অবৈতনিক করে দিয়েছিলেন। তার আমলেই বাংলাদেশের অর্থনীতি উপরের দিকে যাচ্ছিল, বাংলাদেশ বাঘের মতো দাঁড়িয়ে ছিল। অর্থনীতিতে একমাত্র বিএনপি পারে একটি স্থিতিশীল অর্থনীতি দিতে। জামায়াতে ইসলামের সেই অভিজ্ঞতা কোনোদিনও ছিল না, ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানেন, এই দলটির রগ কাটার অভ্যাস আছে। আমরা জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদেরকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনোমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।
এ সময় জনসভায় পঞ্চগড়-২ আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।