

মৌলভীবাজারে টিকিটবিহীন ট্রেনের যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২০ অক্টোবর) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বেলা ২টা ৪০ মিনিটে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস-এ ‘এন আইডি যার, টিকেট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, টাস্কফোর্সের সদস্যরা স্টেশনে প্রবেশ ও ট্রেনে যাত্রীদের টিকিট যাচাই করেন। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, ‘এন আইডি যার, টিকেট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজন যাত্রীর এনআইডির সাথে টিকিট মিল না থাকার কারণে ছশত টাকা জরিমানা করা হয়। টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ অভিযান নিয়মিত চলবে।