শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

নিয়োগে অনিয়মের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্য, হয়রানি, অনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অমরখানা উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী আরজিনা বেগম, তার ছেলে রমজান আলী, শহিদুল ইসলাম, ফজলুল করিম প্রধান বক্তব্য রাখেন। এতে বিদ্যালয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, স্থানীয়রা সহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির নানা অভিযোগ তুলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অমরখানা উচ্চ বিদ্যালয়ে আরজিনা বেগম ১৯৯৮ সালে আয়া পদে যোগদান করেন। সেসময় তিনি বিদ্যালয়ের নামে ১৩ শতক জমিও দান করেন। ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছরে তাকে বেতন ভাতায় অন্তর্ভুক্ত করার কথা বলে দফায় দফায় সাড়ে ১১ লাখ টাকা নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান নুরুসহ বিদ্যালয় পরিচালনা কমিটি। ২০২২ সালে আরজিনাকে বাদ দিয়ে নতুন করে ওই পদ সহ আরো তিনটি পদে রাতের আধারে টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়। এছাড়া বিভিন্ন সময়ে বিদ্যালয়ের কিছু দুর্নীতিবাজ অসাধু শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে শিক্ষার মান অবনতি করেছেন।
বক্তারা অবিলম্বে আরজিনা বেগমকে বিদ্যালয়ে নতুন করে চাকরিতে পুনর্বহাল করার দাবি করেন। তা না হলে বিদ্যালয়ে তালা ঝুলানো সহ কঠোর কর্মসুচী প্রদান করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরজিনা বেগম বিদ্যালয়ে জমি দিয়েছেন বিষয়টি স্বীকার করলেও বেতনের নামে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। আয়া পদে নিয়োগ পাওয়া আরজিনা বেগমের চাকরির বয়স পেরিয়ে যাওয়ায় বিভিন্ন দপ্তরে ঘুরেও বেতন ভাতা মেলেনি বলে জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102