মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তঃসীমান্ত নদীতে ভারতের ত্রিপুরায় বাঁধ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে অভিযোগ করে ডুম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বিপুল পরিমাণ ছাত্র-জনতা নিয়ে রাজধানীর শাহবাগ থেকে ১০টি ট্রাকযোগে ভারতের পানিসন্ত্রাসের প্রতিবাদে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। পরে যাত্রাবাড়ী, কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারী।

সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এটা বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করছেন দলগুলোর শীর্ষ নেতারা।  তারা বলছেন, এই ঐক্য বিনষ্ট করা যাবে না। যদি ৩১ দফাতে আরো কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয়, সেটাও করতে হবে। জনগণ যদি মনে করে আরও কিছু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে- সেটাও তারা জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে করবেন। এছাড়া নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়েও দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাস থেকেই শুক্রবারেও যাত্রী নিয়ে মেট্রোরেলের চলাচল শুরু হতে যাচ্ছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) দেশের শীর্ষ গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে শুক্রবার ব্যতীত অন্যান্য দিন নিয়মিত মেট্রোরেল চলছে।

চার দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর ও আশপাশের এলাকা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করা থেকে শুরু করে জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এই ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তোপখানা রোডসহ দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গেয়েছেন উদীচীর শিল্পী ও কর্মীরা। সঙ্গে যোগ দেন অগণিত সাধারণ মানুষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলা এবং গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারসহ ১৩৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।  এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। তারা হলেন- শাহ নেওয়াজ (৬০), শিমুল (৩৬), ওসমান গনি (৭০) ও জাকির।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সবাই ইসলামপন্থী, দলটি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ থাকবে এবং দেশ স্থিতিশীল থাকবে- এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার তোপের মুখে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর সংসদও বিলুপ্ত করা হয়।

দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলাপি ঋণের বাইরে ছিলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। অবশেষে প্রকাশ করা হলো তার খেলাপি ঋণের হিসাব। যা এই প্রথমবারের মতো ঋণখেলাপির তালিকাভুক্ত করা হয়েছে।

বিডিআর বিদ্রোহের দিন কী কী হয়েছিল-এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাবেক সেনাপ্রধান মইন ইউ। বৃহস্পতিবার মইন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে সব কিছু তুলে ধরেন। ভিডিওর শুরুতেই জুলাই-আগস্ট মাসের নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন সরকার-ছাত্রজনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এই অবস্থায় আগামী তিন দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছে।

ছাত্র-জনতার মিছিলে রাজধানীর ঝিগাতলায় আব্দুল মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই আদেশ দেন।

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আদেশে তাদের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে এই বদলি/পদায়ন করা হয়।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২২-২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। এ সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। তবে তার দেশত্যাগের আগে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন শত শত মানুষ। সাধারণ মানুষ হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে। যারমধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ।

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, ২১ পুলিশ সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন। তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেনে যে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে; শেখ হাসিনা পালায় না, গত ২৪ জুলাই সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের স্প্যামে লেখা ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছে দিয়ে এর জায়গায় ‘চির উন্নত মম শির’ লিখে টিএসসি এলাকায় ছাত্রলীগের শেষ স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে তারা ১৭ আগস্ট লেখাটি মুছে ফেলার উদ্যোগ নিলেও দেশে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102