

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সোমবার (২ সেপ্টম্বর) বিকেলে এই দুই নেতার ঢাকার বাসায় কারণ দর্শানোর নোটিশ পৌঁছানো হয়। বিএনপি দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এস আলম গ্রুপের গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। এ বিতর্কের অবসান ঘটাতে তিনি সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশও করেছেন।
সোমবার দুপুরে সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, জানা ছিল না এটা এস আলমের গাড়ি। চেক করার সুযোগ ছিল না। এই খবরের বিভ্রান্তি ছড়িয়েছে। তারপরও আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখপ্রকাশ করছি।
খায়রুল কবির খোকনের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি তিনি ঢাকার গুলশানের একটি হোটেলে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে গোপন বৈঠক করেন।
নিউজ /এমএসএম