

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ জাতীয় দল। আগামী শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।
পাকিস্তানে দলের সঙ্গেই আছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। চুক্তি অনুযায়ী, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল-সবুজ শিবিরে থাকার কথা হাথুরুর। তবে নতুন বিসিবি বস দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই টাইগার শিবিরে তাকে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আর্থিক ক্ষতি হলেও তাকে বিদায় বলতে রাজি বিসিবি। তবে কবে নাগাদ লাল-সবুজ শিবির ছাড়ছেন লঙ্কান এই মাইন্ডমাস্টার, সেই প্রসঙ্গে এখনও কিছুই জানায়নি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
অন্যদিকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন হাথুরু। সেখানে দল নিয়ে কথা বলার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন লঙ্কান এই কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘আমি বুঝতে পারছি যে যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে, তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে, দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’
এদিকে পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ বারের দেখায় ১২ বারই হতাশায় ডুবেছিল বাংলাদেশ। তবে ১৪তম দেখায় এসেছে বহুল কাঙ্ক্ষিত জয়। সেটাও আবার দ্য গ্রিন ম্যানদের মাটিতেই। তাই দ্বিতীয় টেস্টে হারলেও সিরিজ ড্রয়ের সুযোগ থাকছে। তবে সব সমীকরণ ছাপিয়ে সিরিজ জয়েই চোখ বাংলাদেশের। প্রথম টেস্ট জয়ের পর দলও বেশ আত্মবিশ্বাসী।
হাথুরু বলেন, ‘দলে মোরাল অনেক উঁচুতে আছে। কারণ, অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে, পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ, আমরা এখনও পিচ দেখতে পারিনি। আবহাওয়ায় কিছুটা তফাৎ আছে আগের ম্যাচ থেকে।’
নিউজ /এমএসএম