

নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মিরাজুলের জোড়া গোল এবং রাব্বি ও পিয়াসের একটি করে গোলে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে মারুফুল হকের শিষ্যরা।
এদিকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সঙ্গে আজই (২৯ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিকেল সাড়ে ৪টায় দেশে ফেরার কথা চ্যাম্পিয়ন দলের। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই চ্যাম্পিয়নদের সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা । জাতীয় ক্রীড়া পরিষদে হবে এই অনুষ্ঠান। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এর আগে, দীর্ঘদিনের অধরা শিরোপা জয়ের পর খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।
বাংলাদেশের এমন সাফল্যের পর আসিফ মাহমুদ বলেন, ‘ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যেকোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’
ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের সব পর্যায়ে এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিউজ /এমএসএম