

মাদক মামলায় নওগাঁয় দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ আগষ্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
দণ্ড প্রাপ্ত আসামি লিটন মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগাডাঙ্গা গ্রামের মনতাজ আলীর ছেলে। অন্য আসামি ইউসুফ আলী একই জেলার চরবাদডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসের ১৮ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা জেলার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের উপর একটি ট্রাক্টরের পিছনে টুল বক্সের ভিতর থেকে ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় আজ ১২ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষী গ্রহণ শেষে ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়।
আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা করি ন্যায়বিচার পাবো।
নিউজ /এমএসএম