সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দেশি বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণে ফি কার্যকর হচ্ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: বিদেশি শিল্পী দিয়ে দেশি বিজ্ঞাপন নির্মাণে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা ফি এবং এমন বিজ্ঞাপন প্রচারের সময় টিভি চ্যানেলকে বিজ্ঞাপনপ্রতি এককালীন ২০ হাজার টাকা সরকারি ফি দেয়ার নিয়ম কার্যকর করা হচ্ছে।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে বিজ্ঞাপনচিত্র নির্মাতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপের কথা জানানো হয়।

এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় তথ্যমন্ত্রী বলেন, গত ৩১ মে দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ সংক্রান্ত সংশোধিত নীতিমালা অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনের মাধ্যমে সরকারের অনুমতি নিয়ে দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পী অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ এবং এ ধরনের বিজ্ঞাপন প্রচারের সময় টিভি চ্যানেলকে বিজ্ঞাপনপ্রতি এককালীন ২০ হাজার টাকা ফি হিসেবে সরকারি কোষাগারে দেওয়ার বিধান রয়েছে।

সব অংশীজনের সহযোগিতায় এ বিধান দেশ এবং দেশের শিল্পী ও বিজ্ঞাপন শিল্পের জন্য কল্যাণ এবং উন্নয়ন বয়ে আনবে বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, ডিজিটাল এক্সপ্রেশানন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসানুল আপন, ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির আহমেদ খান, মাত্রার ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন, এনিথিংক ভিজ্যুয়ালের পরিচালক ওয়াহিদ তারেক, ট্রিপল নাইন গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক নোমান রবিন, র‌্যাপচার এন্টারটেইমেন্টের কো-ফাউন্ডার মো. রেদওয়ান রহমান রিয়াদ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং তাদের পূর্ণ সহযোগিতার কথা জানান।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম এবং খাদিজা বেগম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. সাইদুর রহমান গাজী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102