

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে দিনব্যাপী খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার জেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।

প্রধান অতিথি বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। এই দল দেশের মানুষের যেকোন সংকটে সর্বাত্মক পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা নির্দেশনা মোতাবেক সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি।

এসময় বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের অহংকার তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারে বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ প্রতিদিন চলবে। যুবদল সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুবদল নেতা জলিল আহমদ, শাহিন আহমদ, নজরুল ইসলাম, শিপন আহমদ, শিবলু আহমদ, সামাদ আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
নিউজ /এমএসএম