

আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ইইউ’র পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়র।
সোমবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদও ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র বড় অংকের টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিএনপি কোনো তদন্ত চায় কি না? এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘তদন্ত তো অবশ্যই হয়। এটা নিয়েও আলোচনা হয়েছে। তবে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন মাধ্যমে যে ১০০ বিলিয়ন ডলারের ওপর পাচারের কথা বলা হচ্ছে এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাই এ নিয়ে কাজ করতে হবে। তারা এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’
আলোচনার বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে পটপরিবর্তনের পরে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে। অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে, কোথায় কোথায় সমর্থন দিতে পারে। বাংলাদেশ যে একটি গর্তের মধ্যে দেশটা পড়েছে এর থেকে বের করার জন্য কোন দিকগুলোতে সমর্থন দিলে ভালো হয় এ নিয়ে আলোচনা হয়েছে।
‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। গুড গভর্নেন্স… বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কী, সেগুলো আবার কীভাবে সঠিক জায়গায় আনা যায় সেখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তারা কী ধরনের সহযোগিতা করতে পারে এসব আলোচনা হয়েছে। বিশেষ করে বড় অংশ তাদের দেশে রফতানি হয় এটাকে কীভাবে অব্যাহত রাখতে পারি, সেখানে তাদের কী করা যায়।
বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে তাদের সঙ্গে যে চুক্তি আছে সেই আর্থিক খাতে সংস্কার কী কী করা যায় যাতে আমরা আবারো আর্থিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি মূলত সেসব নিয়ে আলোচনা হয়েছে।-বলেন আমীর খসরু। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে তো নির্বাচন ছাড়া সুযোগ নেই। সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।
নিউজ /এমএসএম