

শিকাগোতে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশন আজ সোমবার। এতে প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে নিয়ে একসঙ্গে মঞ্চে আসবেন। আগামী ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থিতা এদিন তিনি কমালা হ্যারিসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। এ বিষয়ে জানেন এমন সূত্র উল্লেখ করে শনিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডেমোক্রেটদের বিরোধিতা ও চাপের মুখে এক মাস আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান জো বাইডেন। তিনি তখনই কমালা হ্যারিসকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। আজকের সম্মেলনে তিনি সেই ইস্যুটি তুলে ধরবেন। এদিন রাতে তিনি কনভেনশনে বক্তব্য রাখবেন। কমালা হ্যারিসকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে দলকে উজ্জীবিত করবেন। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করার আহ্বান জানাবেন।
দলের ভেতরের খবর জানেন এমন দুটি সূত্র বলেছেন, সোমবার রাতে একসঙ্গে বাইডেন ও কমালা হ্যারিসকে দেখার বিষয়ে আলোচনা করছিল প্রচারণা টিম। এটাই ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। বাইডেন এই সম্মেলনে বক্তব্য রাখার আগেই সেখানে কমালা হ্যারিসকে উপস্থিত করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি প্রচারণা কাজে পশ্চিমের পেনসিলভ্যানিয়াতে ছিলেন।
রোববার সেখান থেকে বাসে করে শিকাগো ফেরার কথা কমালা হ্যারিসের। গুরুত্বপূর্ণ এই কনভেনশনে উপস্থিত হওয়ার পর মঙ্গলবার পাশেই মিলওয়াউকিতে প্রচারণায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে সংক্ষিপ্ত প্রচারণা শেষে আবার শিকাগো ফিরে যাওয়ার কথা। সেখানে মঙ্গলবার বক্তব্য রাখবেন কমালা হ্যারিসের স্বামী ডগ এমহোফ। তার বক্তব্য শোনার জন্য ফিরবেন কমালা।
নিউজ /এমএসএম