

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাকি দুই প্রসিকিউটর সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান (অবৈতনিক) ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ মধ্যদিয়ে ট্রাইব্যুনাল থেকে রাষ্ট্রপক্ষের সব আইনজীবী পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) ট্রাইব্যুনালের পদত্যাগকারী সদস্য অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১২ আগস্ট প্রথমে পদত্যাগ করেন চার প্রসিকিউটর। তারা হলেন: শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহম্মেদ। এরপর ১৩ আগস্ট ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মোশফেক কবীরের পদত্যাগের কথা জানান। আর ১৪ আগস্ট প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, প্রসিকিউটর মোহাম্মদ মুখলেসুর রহমান বাদল ও ব্যারিস্টার তাপস কান্তি বল তাদের পদত্যাগপত্র জমা দেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে স্বাধীনতার ৩৯ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সরকার। এই অপরাধ ট্রাইবুনালের উদ্দেশ্য হলো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ।
এট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়।২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।
নিউজ /এমএসএম