সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহাখালীতে ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দায় বিভাগে (ডিবি) নেয়া হচ্ছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় তার বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ওই বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এসব বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান ও ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102