

সুদানের সিন্না রাজ্যের একটি গ্রামে আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আরএসএফ সদস্যরা ওই গ্রামে মেয়েদের অপহরণের জন্য গেলে এই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাজ্যের জলকনি গ্রামে আরএসএফ সদস্যরা মেয়েদের অপহরণ করতে গেলে তাদের বাধা দেয়া হয়। এত হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, অপহরণের সময় স্থানীয়রা বাধা দিলে নির্বিচারে গুলি চালায় আরএসএফ সদস্যরা। এ নিয়ে আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত জুন থেকেই আরএসএফ রাজ্যের রাজধানী সিঙ্গাসহ সিন্নার রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করছে আরএসএফ। অন্যদিকে সিন্নার রাজ্যের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে সুদানের আরেক আধাসামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) নিয়ন্ত্রণে।
২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানে এসএএফ এবং আরএসএফ এর মধ্যে একটি মারাত্মক সংঘাতের কমপক্ষে ১৬ হাজার ৬৫০ জন প্রাণ হারিয়েছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মতে, সিন্নার রাজ্যে লড়াইয়ে সাত লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানের অভ্যন্তরে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। আর প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ২২ লাখ সুদানি। গত বুধবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সুইস কর্মকর্তাদের মধ্যস্থতায় সুদানে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হয়। তবে এতে অংশ নেয়নি সুদানের সেনাবাহিনী। গত বছর থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধেও লড়াই চালিয়েছে যাচ্ছে আরএসএফ।
নিউজ /এমএসএম