

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন প্রস্তুত রেখেছেন তারা। উপরের নির্দেশনা পেলে এদিন সেটা জারি হতে পারে। কোনো কারণে না হলে বুধবার (১৪ আগস্ট) হবে।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, এদিন বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট মাঠে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে। আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ, বিজিবি, র্যাব থাকবে। প্রয়োজনে সেনাবাহিনীও থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল দেশে। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এই দিন সরকারি ছুটি ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ১৫ আগস্টের ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যার ঘোর বিরোধিতা করেন। বিএনপি-জামায়াতও তীব্র প্রতিবাদ জানায়। অন্তর্বর্তীকালীন সরকারও বিপক্ষে ছিল। শেষ পর্যন্ত ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল হলো।
নিউজ /এমএসএম