

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে ভিভিআইপি প্রটোকল পেয়েছেন। তবে এর মধ্যেও রাজধানীর সড়কে চিরাচরিত যানজটে কিছুক্ষণ আটকে থেকেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, রোববার (১১ আগস্ট) ঢাকার সড়কে অন্য গণপরিবহনের সঙ্গেই চলছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের গাড়িবহর। ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট গাড়িতে বসেছিলেন তিনি। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান।
ভিডিওতে আরও দেখা গেছে, ড. ইউনূসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। এসময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকুন। নিরাপদ দূরত্বে থাকুন। রাস্তা থেকে দূরে দাঁড়ান। কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না। বাম পাশের রিকশা ডান পাশের লেনে ঢোকাবেন না। কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না।
সাধারণত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। তাদের চলাচলের ১৫ মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কের একটি পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়। গত ১৬ বছর ধরে এই দৃশ্য দেখে আসা রাজধানীবাসী নতুন এই উদাহরণ সৃষ্টি করায় ড. ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি শেয়ার দিয়ে তার সাদাসিধে জীবনযাপনের প্রশংসা করেছেন।
এর আগে গতকাল শনিবার (১০ আগস্ট) রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে যান ড. ইউনূস। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন। স্বাভাবিকভাবে সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জন্য একটি রাজকীয় চেয়ারের ব্যবস্থা করা হয়। তবে ড. ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছে সেই চেয়ারটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে সবাই যে চেয়ারে বসেছেন এমন একটি সাধারণ চেয়ারে তিনি বসেন। তার এই আচরণও জনসাধারণের মধ্যে মুগ্ধতা ছড়ায়।
নিউজ /এমএসএম