সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ৯ দফা দাবি জানালেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৭৪ এই পর্যন্ত দেখেছেন

পেশাগত ও বেতন বৈষম্য দূর করাসহ ৯ দফা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ আবেদন জানিয়েছেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম পরিবর্তন, পেশাগত ও বেতন বৈষম্য দূর করা, বেতন কমিশন গঠনসহ দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা নিরসনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী নেতারা।

এতে বলা হয়, সরকারি চাকরিতে নিজেদের বিকশিত করার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন দাবি-দাওয়া যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা হলেও আজও কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। উচ্চতর পদসৃষ্টি, পদ সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে অহেতুক জটিলতা সৃষ্টি, টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড সংকুচিতকরণ, ৫০ শতাংশ পেনশন প্রদান, বাস্তবতার আলোকে পদনাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু তাই নয়, জাতীয় পে-কমিশন, ২০১৫ ঘোষিত হওয়ার পর আজ অবধি বেতন কমিশন গঠন করা হয়নি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ সব দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে আকাশচুম্বী ও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নিম্নবেতনভুক্ত কর্মচারীরা পরিবার-পরিজনসহ জীবিকা নির্বাহে আর্থিক সংকটে মানবেতর জীবন-যাপন করছে। এ ছাড়া বিগত ১৫-১৬ বছর যাবত কর্মচারীদের পেশাগত দাবি-দাওয়া বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা প্রশাসনিক, পারিবারিক ও সামাজিক বৈষম্যের সম্মুখীন হয়েছে।

এ জন্য সংগঠনটির নেতারা অবিলম্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ৯ দফা দাবি সিনিয়র সচিবের কাছে দিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে; সচিবালয়ে কর্মরত নন-ক্যাডারের ৩৭০টি পদসহ প্রতিটি পদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণ, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদবি উপ-সহকারী সচিব নামকরণ, গ্রেড ১১-১৬ এর কর্মচারীদের চারটি পদকে অতিরিক্ত উপসহকারী সচিব, গ্রেড ১৭-২০ গ্রেডের চারটি পদকে সচিবালয় সহকারী হিসেবে নামকরণ।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে নবম জাতীয় পে-কমিশন গঠন, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ে সকল কর্মকর্তা/ কর্মচারীদের অবিলম্বে ২০ শতাংশ টিপটপ ভাতা দেওয়া, শতভাগ পেনশন অবিলম্বে পুনর্বহাল, পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা অবিলম্বে নির্ধারণ এবং সচিবালয়ে সকল শ্রেণির ব্লকড পদ বিলুপ্ত করে সমপদনাম বা মর্যাদা ও বেতন গ্রেডের পদে অন্তর্ভুক্তি করা।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি জানিয়েছে, এসব দাবি বাস্তবায়ন ও কার্যকর করার লক্ষ্যে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে একজন করে সমন্বয়কের মাধ্যমে পদনাম পরিবর্তন ও নবম পে-কমিশন অবিলম্বে গঠন করার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102