শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই আবারো নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম রবিবার (৪ আগস্ট) দুপুরে আগামী দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এরমধ্যে সোমবার (৫ আগস্ট) নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদ স্মৃতিফলক’ উন্মোচনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একইদিন, সকাল ১১টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে বিক্ষোভ-আন্দোলন এবং গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার (৬ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়ে সারাদেশের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। একইদিন দুপুর দুইটাই ঢাকার শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া, সারা দেশের সকল জেলা, উপজেলা, গ্রামে এবং পাড়া-মহল্লায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদের অন্যতম নেতা নাহিদ ইসলাম।

গ্রেপ্তার বা অন্য কোনো কারণে সমন্বয়কদের কেউ যদি পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে না পারেন, সেক্ষেত্রে বর্তমান সরকারের পতনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রেখে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ।

এই কর্মসূচিতে রবিবার থেকে ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ আহ্বান করা হয়েছে। এর পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি, আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

চব্বিশ ঘণ্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবি করেছেন আন্দোলনের সমন্বয়করা। কর্মসূচিতে আন্দোলনকারীরা জানিয়েছেন সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের ‘জাতীয় রূপরেখা’ পেশ করবেন তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102