মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি না চালানোর আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

আর এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ছাত্র-জনতার ওপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার ( ৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার দাবি মেনে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে, আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে, আর রক্ত না ঝরিয়ে, সংঘাত সৃষ্টি না করে অবিলম্বে খুনি সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি গণধিকৃত পতনমুখী আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার ওপর নির্যাতন নিপীড়ন ও গুলি না চালানোর আহ্বান জানাই।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার সাধারণ ছাত্র-জনতাসহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারেরও দাবি করেন। গতকালও কুমিল্লা, জামালপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী নেতাকর্মীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার গণ-মিছিলেও সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ গণ-মিছিলে নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্র-ছাত্রীসহ অসংখ্য মানুষকে আহত করে। ছাত্রীসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এই হামলার কাজে তাদের নারী কর্মীদেরকে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্লজ্জভাবে লেলিয়ে দিয়েছে।

পুলিশের অব্যাহত গ্রেফতার-হয়রানী থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয় নেয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ও শাহবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের চাঁদাবাজির মুখে শারীরিক ও মানসিক নির্যাতনে মৃত্যুবরণ করেন। এ ঘটনা শুধু মর্মান্তিকই নয়, হৃদয় বিদারক।

বিএনপি মহাসচিব বলেন, দেশের বিভিন্ন জায়গায় এক দিকে আওয়ামী সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যদিকে পুলিশের গ্রেপ্তার বাণিজ্যে মানুষ অতিষ্ঠ এবং মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন।দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা, নির্যাতন করে আন্দোলন দমন করতে যেয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়তই তারা এই অপরিণামদর্শী কাজ করে নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ করছে।

তিনি বলেন, সমগ্র দেশে, গ্রাম-শহরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, সন্ত্রাস, হামলা, মামলা দিয়ে চলমান ছাত্র জনতার আন্দোলন দমানো যাবে না। ছাত্র গণআন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সব হত্যা, ধ্বংস, নৈরাজ্য ও সঙ্কটের জন্য আওয়ামী লীগ সরকার এককভাবে দায়ী। প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্মম, নিষ্ঠুরভাবে শত শত ছাত্র জনতাকে, এমনকি নিষ্পাপ ছোট্ট শিশুদের মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে সরকার মানবতাকেই হত্যা করেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102