মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সরকারের বিরুদ্ধে জনগণ ‘একাট্টা’ হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮৭ এই পর্যন্ত দেখেছেন

সরকারের বিরুদ্ধে জনগণ ‘একাট্টা’ হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ আগস্ট) সারাদেশে কোটা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ডাকা গণমিছিলে পুলিশ এবং সরকারি দলের হামলার ঘটনাবলীর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘসহ দেশ-বিদেশের কারো কথা কর্ণপাত না করে সরকার হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে। শুধু হামলাই নয়, তারা শিক্ষার্থীদের ডাকা গণমিছিলে কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রামসহ সামাজিক গণমাধ্যমের বিভিন্ন সাইট তারা বন্ধ করে দেয়।

তিনি বলেন, এসব করেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারা ঠেকাতে পারেনি। দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে সারাদেশে লাখ লাখ শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলে অংশ নিয়ে প্রমাণ করেছে যে, সমগ্র দেশ আজকে রাষ্ট্রঘাতি-প্রাণঘাতি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একট্টা।

দমন-পীড়ন বন্ধ করে কোটা আন্দোলনকে ঘিরে সংঘটিত ‘গণহত্যা’ ও ‘নির্যাতনে’র জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিবৃতিতে রাজধানীর উত্তরা, হবিগঞ্জ, সিলেট, খুলনা, চাঁদপুর, লক্ষীপুরসহ সারাদেশে কোটা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপরে সরকারের আইনশৃঙ্খল বাহিনীসহ সরকারি দলের সন্ত্রাসীদের হামলা, গুলিবর্ষণের ঘটনা তুলে ধরেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা চলায়। হবিগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিরীহ শ্রমিক মুশতাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করে।

বিএনপি মহাসচিব বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলার সিলেট ব্যুরোর সংবাদদাতা মিঠু দাস জয় গুলিবিদ্ধ হন। উত্তরায় পুলিশ এবং আওয়ামী ক্যডাররা গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে নারী শিক্ষার্থীদেরকে একটি বাসায় আটকিয়ে রাখে। নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উছৃঙ্খল কর্মীরা হামলা চালায়। এভাবে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম, নৃশংসতা অব্যাহত রেখেছে।

বিবৃতিতে হবিগঞ্জে নিহত মুশতাক মিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে হবিগঞ্জ, সিলেট, খুলনাসহ অন্যান্য স্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

পেশাজীবী সংগঠন ‘মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’ (এম-ট্যাব)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেনকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়া হয়। পরে অজ্ঞাত স্থানে আটক রেখে তাদের নির্মম অত্যাচারের পর কারাগারে প্রেরণেরও নিন্দা জানান বিএনপি মহাসচিব এবং অবিলম্বে এ ধরনের নির্যাতন নিপীড়ন বন্ধ করে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102