

রেলের ই-টিকেটিং এর দায়িত্বে থাকা সহজ ডট কম রেলের সঙ্গে চুক্তির শর্ত বাস্তবায়ন না করায় ‘সহজ’ থেকে নিয়মানুযায়ী জরিমানা আদায়ের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে কমিটি সর্বসম্মতিক্রমে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকারকে সাসপেন্ড করারও সুপারিশ করে।
বুধবার (৩১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ ধরনের সুপারিশ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র চতুর্থ বৈঠকে কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো: জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো: শফিকুর রহমান ও মোছা: নুরুন নাহার বেগম বৈঠকে অংশ নেন।
বৈঠকে সহজ ডট কমের সঙ্গে মন্ত্রণালয়ের পূর্ণ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জরিমানা আদায় ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সহজের সঙ্গে রেলের চুক্তি হয়, যার মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু সহজ ডট কম বিগত ২০২৩ সালের আগস্ট পর্যন্ত যেসব শর্ত পূরণ করার কথা ছিল তা বাস্তবায়ন না করায় তাদের কাছ থেকে আইনানুযায়ী জরিমানা আদায়ের সুপারিশ করা হয়।
বৈঠকে ডেমু ট্রেন নিয়ে রেলওয়ে বড় সমস্যায় রয়েছে। এগুলো অচল অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। এ ট্রেনের দেশী ও বিদেশী সরবরাহকারীদের আগামী বৈঠকে উপস্থিত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে কমিটি।
এছাড়া বৈঠকে তৃতীয় সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ে সরকারী কোন কোন প্রতিষ্ঠান থেকে কত টাকার মবিল (জ্বালানি) ক্রয় করে; বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট-কে সেনা ও পুলিশ কল্যাণ ট্রাস্ট এর ন্যায় আধুনিক ও যুগোপযোগী করা, খুলনা-মংলা, জয়দেবপুর-ঈশ্বরদী এবং ভাঙ্গা-পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের ট্যুরিস্ট ট্রেনের যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা, বাংলাদেশ রেলওয়ের বিদ্যুৎ বিল বকেয়া সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে প্রধান আইন কর্মকর্তার পদ সৃজন ও চুক্তিভিত্তিক আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ের মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম