শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সারাদেশে বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বুধবার (১৭ জুলাই) গায়েবী জানাজার কর্মসূচি দিয়েছে বিএনপিসহ যুগোপৎ আন্দোলনে নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের জন্য বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর ১টা ৩০ মিনিটে গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে এবং সারাদেশে একই কর্মসূচি পালিত হবে।

যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল সমূহের যৌথ বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবী পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে সোমবার থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত যেভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে বলপ্রয়োগ করা হয়েছে এবং সরকারী দলের ছাত্রসংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃংঙ্খলা বাহিনীর হাতে আজ যেভাবে প্রায় সারাদেশে হামলা, আক্রমণ ও গুলিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখনো পর্যন্ত ৭ জনকে হত্যা করা হয়েছে এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, গত ৪৮ ঘন্টায় চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধীক ছাত্র-ছাত্রীদের আহত হবার ঘটনা ঘটেছে, অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা মনে করি, এই সমুদয় ঘটনার পুরো দায়-দায়িত্ব সরকার ও সরকারী দলের। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে এবং ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনা দেয়া হয়েছে তা গত ২ দিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরী করেছে। আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই যে, দমন-নিপীড়ন ও সহিংসতা চালিয়ে সরকার আজ এই পরিস্থিতি তৈরী করেছে।

আমরা লক্ষ্য করেছি, এখনো পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওয়াত আনা হয়নি। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। আজকে পুলিশের গুলিতে ও ছাত্রলীগের স্বশস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনাও জ্ঞাপন করছি। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আহত ও নির্যাতিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, অনতিবিলম্বে কোটা ব্যবস্থার ন্যায্য ও যৌক্তিক সংস্কারের দাবী অনতিবিলম্বে মেনে নেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই যে হত্যা, দমন-নিপীড়ন করে অতীতের কোনো স্বৈরশাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন-নিপীড়নের এই পথে শেষ রক্ষা করতে পারবে না। আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য ও গণতান্ত্রিক দাবির পক্ষে সোচ্চার হতেও উদ্দাত্ত আহ্বান জানাই।

লিয়াঁজো কমিটির বৈঠক উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গণতন্ত্র মঞ্চ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাড. হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102