

কানাডা অফিস: কানাডায় তাপপ্রবাহে মৃত্যু বাড়ছে। এ সংকটের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে দাবানল। কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যের গ্রাম ও বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে এ দাবানল। এতে উজাড় হয়ে যাচ্ছে মাইলের পর মাইল বনাঞ্চল। শুক্রবার বার্তাসংস্থা এপি এ খবর জানায়। গত বুধবার পর্যন্ত কানাডায় এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৪৮৬ জনের। বৃহস্পতি এবং শুক্রবারও তাপপ্রবাহের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঠিক কতোজন মারা গেছেন, তা কানাডা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাপপ্রবাহে মৃতদের মধ্যে অধিকাংশই বয়স্ক লোকজন। এটাকে নজিরবিহীন বলে উল্লেখ করছেন অনেকে। কানাডার ভ্যানকুবার শহরের পুলিশ কর্মকর্তা স্টিভ এডিসন বলেন, ভ্যানকুবারের মানুষ কখনোই এতো তাপপ্রবাহ সহ্য করেনি। দু:খের বিষয় হলো, এ তাপপ্রবাহে অনেক লোক মারা যাচ্ছেন। একই অবস্থা অরেগনেও। সেখানেই তাপপ্রবাহে মৃত্যুও ঘটনা বাড়ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রিটিশ কলম্বিয়া। সেখানে তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে দাবানল।