

যুক্তরাজ্য অফিস: প্রথমবারের মতো ইউক্রেনে রুশ হেলিকপ্টার ভূপাতিত করতে একটি ব্রিটিশ বিমান বিধ্বংসী মিসাইল ব্যবহার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে ইউক্রেনকে স্টারস্ট্রিক হাই-ভেলোসিটি মিসাইল সিস্টেম সরবরাহ করেছিল ব্রিটেন। সে সময় ব্রিটেন ইউক্রেনকে পরবর্তী প্রজন্মের লাইট অ্যান্টি-ট্যাংকও সরবরাহ করে।
লুহানস্ক অঞ্চলে একটি রাশিয়ান হেলিকপ্টারের উপর স্টারস্ট্রিক হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। ওই ভিডিও যাচাই করা হয়েছে বলে দ্য টাইমস জানিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য টাইমসকে জানিয়েছে, ভিডিওটিতে স্টারস্ট্রিক দিয়ে গুলি চালানোর দৃশ্য দেখা গেছে।
ওই সূত্রটি আরও জানায়, ইউক্রেনীয় বাহিনী প্রায় এক সপ্তাহ ধরে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে।
দ্য টাইমস জানিয়েছে, প্রতিরক্ষা খাতের সিনিয়র সূত্র যারা ভিডিও পরীক্ষা করেছেন তারাও বিশ্বাস করেছেন যে এটা স্টারস্ট্রিক দিয়ে হামলার দৃশ্য।
স্টারস্ট্রিক সিস্টেমটি ইউরোপের শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল-নির্দেশিত অস্ত্রের জন্য ইলেকট্রনিক সাবসিস্টেমের সরবরাহকারী থ্যালেসের তৈরি। ব্রিটিশ সেনাবাহিনীর মতে, স্টারস্ট্রিক একটি ‘অত্যন্ত সক্ষম বিমান প্রতিরক্ষা অস্ত্র’ যা হেলিকপ্টারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর।
স্টারস্ট্রিক শব্দের তিনগুণের চেয়েও বেশি গতিতে যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র কাঁধ, যানবাহনের সঙ্গে বেঁধে কিংবা ভূমি থেকেও চালানো যায়।