

যুক্তরাষ্ট্র অফিস: টিকা গ্রহণ করার পরও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তার কোনো উপসর্গ নেই। করোনা মহামারির পর আদালতের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগেই ৫৬ বছর বয়সী এ বিচারক করোনায় আক্রান্ত হলেন।
ফলে তিনি অপর বিচারপতি অ্যামি কনি ব্যারেটের অভিষেক অনুষ্ঠানে অংশ নাও নিতে পারেন বলে আদালত এক বিবৃতিতে জানিয়েছেন। দেশটির সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে রক্ষণশীল এই বিচারপতিকে নিয়োগ দেন। শুক্রবার (১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদালতের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাককেব বিবৃতিতে বলেছেন, এ সপ্তাহের শুরুতেই বিচারপতিদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং সবার ফলাফলই নেগেটিভ এসেছে।
চলমান মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত চার কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সাত লাখ ১৬ হাজার ৮৪৩ জন।