

ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে এবং সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন , উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলা সফরে আসবেন বলে প্রাথমিকভাবে সম্মতি জ্ঞাপন করেছেন। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, তালিকাভুক্ত ১৮৪ জন উপকারভোগীর তথ্য অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ে কোনো স্বাবলম্বী বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় পাওয়া গেলে তা বাতিল করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় অনুষ্ঠান আয়োজনের বিকল্প স্থান হিসেবে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অগ্রবর্তী দল ও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) পরিদর্শনের পর অনুষ্ঠানস্থল চূড়ান্ত করবে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সভায় জানানো হয়।