

শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মিজান ও সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাশেম।
শনিবার(৯ মে) সন্ধ্যা ৭টায় স্থানীয় পানসী রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সাবেক ফুটলার, রেফারি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
সভায় সিনিয়র রেফারি মোঃ সিরাজুল ইসলাম সেলুর সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সুদর্শন দাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুমিম মিয়া, কোষাধ্যক্ষ কাঞ্চন গৌড় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সজল কান্তি দেব ও মোঃ সিরাজুল ইসলাম সেলু।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলতাফ হোসেন মোর্শেদ, কাজী জাহেদ আহমদ মনি, ক্রীড়া সংগঠক তুহিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হাসান লোপ্পা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মীর এম এ কালাম, কমলগঞ্জ রেফারি সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরববাজার ফুটবল একাডেমির কোচ সালেহ আহমদ, শ্রীমঙ্গলের সাবেক খেলোয়াড় ফুয়াদ হোসেন চৌধুরী (সাজিম), কমলগঞ্জ রেফারি সমিতির কোষাধ্যক্ষ উত্তম দেব ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ফুটবলের সুষ্ঠু পরিচালনা ও দক্ষ রেফারি তৈরিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।