পঞ্চগড় জেলার আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদি (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোস্তফা ও জমিরুল নামে দুই শ্রমিক।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে৷
জানা গেছে, সারওয়ারদি একই গ্রামের আবু সামাদের ছেলে।
সকালে তারা বৃষ্টির মধ্যে চা-পাতা কাটছিলেন সারওয়ারদিসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সারওয়ারদিসহ তিনজন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জানান যে সারওয়ারদির মৃত্যু হয়েছে।
আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রবিবার ২৬ এপ্রিল ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।