

যুক্তরাজ্য অফিস: দুই দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতা পেয়েছে তালেবান। বর্তমানের তালেবান আগের চেয়ে অনেক বেশি উদারপন্থী বলে ক্ষমতা গ্রহণের পর সংবাদ সম্মেলনে সংগঠনটির তরফ থেকে দাবি করা হয়েছে।
দ্বিতীয় দফায় শাসন ক্ষমতায় যাওয়া তালেবানকে বিশ্ববাসীর একটা সুযোগ দেওয়া উচিত বলে দাবি করেছেন ব্রিটিশ সেনা প্রধান নিক কার্টার।
তিনি বলেছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। সরকার গঠনে তাদের গ্রহণযোগ্যতা দেখানোর ব্যাপারে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। ১৯৯০ এর দশকে যে তালেবানকে বিশ্ববাসী চিনত সেই তালেবান থেকে আজকের তালেবান হয়তো আলাদা।
তিনি আরও বলেন, তাদের সুযোগ দিলে হয়তো ভালো ফলই পাওয়া যাবে। এ সময়ের তালেবান আরও দায়িত্বশীল। আমাদের ভুললে চলবে না যে তালেবান কোনো সমজাতীয় সংগঠন নয়। সমগ্র আফগানিস্তানের গ্রামাঞ্চলের বিভিন্ন আদিবাসী জন গোষ্ঠীর সমন্বয়ে সংগঠনটি গঠিত। ‘গ্রাম থেকে আসা তালেবান’ সদস্যদের অনেকেই আদিবাসী পশতুন জীবনধারা মেনে চলে।
তিনি বলেন, বর্তমানের তালেবানের কম দমনপীড়নের মনোভাব রয়েছে। এ সময়ের কাবুলের পরিস্থিতির দিকে তাকালে বিষয়টির প্রমাণ পাওয়া যাবে।
তবে অনেক ব্রিটিশ সামরিক কর্মকর্তাই অবশ্য নিক কার্টারের সাথে একমত হননি। তাদের মতে তালেবানের নরম কথা এখনি বিশ্বাস করার সময় আসেনি। এমনকি তালেবান যে আগের মতো কঠোর নেই তার প্রমাণও মেলেনি বলে দাবি করেছেন এক শীর্ষস্থানীয় ব্রিটিশ সেনা কর্মকর্তা।