

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। দেশ ছাড়ার পরই প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা।কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডার রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছাড়ার পর তারা প্যালেসের নিয়ন্ত্রণ নেয়। তবে আফগান সরকারের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রোববার আশরাফ গানি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।এর আগে, রোববার সকালে কাবুলে প্রবেশ করা তালেবানের এক প্রতিনিধি জানিয়েছিলেন, তারা আফগান প্রেসিডেন্টকে খুঁজছেন।উল্লেখ্য, তালেবানের সশস্ত্র অভিযানের মুখে আশরাফ গানি দেশ ছেড়েছেন অথবা ছাড়তে পারেন বলে বেশ কিছু গণমাধ্যমে আগেই খবর ছড়িয়েছিল।