

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যের ৩৫০টি বাড়ির বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বেনজিরের দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিজ নামে যুক্তরাজ্যে ৩৫০টি বাড়ি থাকার খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টির অনুসন্ধান চেয়ে এক আইনজীবী হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।
এদিকে, রবিবার (২৮ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে সাবেক আইজিপি বেনজীরের নামে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদক।
গত ২৩ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট।
নিউজ /এমএসএম