মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

গণতন্ত্রের জন্যও শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

কোটা সংস্কার আন্দোলনের মতো দেশে ভোট ও গণতন্ত্রের জন্যও শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এতে আগামী দিনে মেধাবীদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। কারণ, আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহর তো ডুববেই। কারণ, মেধাবী লোকজন তো কোথাও নেই। যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করে, সেখানে মেধাবীদের নিয়ে আসতে হবে। দলীয় লোকজন দিয়ে যদি কাজ চালানো হয় তাহলে তো ঢাকা ডুববেই, সারা বাংলাদেশ ডুববে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতেই ডুবে গেছে, এখন শুধু পানির ডুবা দেখতে পাচ্ছেন। সবদিক থেকে বাংলাদেশ ডুবে গেছে’- যোগ করেন আমীর খসরু।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের জনগণ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। এ মালিকানা কেউ কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে একটি বড় বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। কোন প্রক্রিয়ায় এ মালিকানা ফিরিয়ে দেয়া হবে তা আমাদের ৩১ দফায় ছিল। জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে সংবিধান, বিচারব্যবস্থা, সংসদ, অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থায় কী কী পরিবর্তন আনতে হবে তা ৩১ দফায় ছিল।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102