

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহের নিম্নগতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এই প্রবাহ কখনো শেষ হবে না। চলতি মাসের শুরুতে প্রবাসী শ্রমিকদের অর্থ পাঠানোর চিত্র দেখলেই বুঝা যায় দেশে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রয়েছে।রেমিট্যান্স প্রবাহের গতি কমার সময় এসেছে- গবেষণা সংস্থা সিপিডির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, এ মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৬৭ মিলিয়ন ডলার। একই সময় গত বছর ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৫০ মিলিয়ন ডলার।গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন না হলে কোভিড পরিস্থিতিতে ৩ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধিকে সন্তোষজনক বলে দাবি করেন তিনি। সভায় উত্থাপিত ১০টি প্রস্তাবের মধ্যে ৯টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।