

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলা টিভি বার্মিংহাম প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিনের মাতা খয়রুন নেছা’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, মরহুমা খয়রুন নেছা’ সোমবার (১৯ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে, হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। দীর্ঘদিন ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব মোহাম্মদ নগর এলাকায়।
মায়ের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিক সেলিম উদ্দিন সোমবার সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হোন। কিন্ত এয়ারপোর্ট পৌছার আগেই খবর পান তাঁর মা আর নেই। তিনি সকলের কাছে তাঁর মায়ের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।