নওগাঁর বদলগাছীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার (এমপির) ট্রাক প্রতীকের ভোট কিনতে গিয়ে বদলগাছী কৃষি অফিসের কর্মচারীসহ তিনজন জনতার হাতে আটক হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও ক্ষমতা প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট আতিয়া খাতুন।
দন্ড প্রাপ্তরা হলেন, বদলগাছী কৃষি অফিসের নৈশ্যপ্রহরী ও বিলাশবাড়ি ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. স্বাধীন হোসেন (৪৩), একই ইউনিয়নের কাশিমালা গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে মো. ফুলবর (৫৩) ও দিপগঞ্জ হলুদবিহার গ্রামের মৃত মকবুলের ছেলে মো. মন্জু (৫৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বদলগাছী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ি থেকে বের হয়ে আসার সময় উপজেলার চাকরাইল নিমতলী এলাকায় তারা পৌঁছালে স্থানীয় জনতার সন্দেহ হয়। এ সময় তাদের আটকিয়ে উপস্থিত জনগণের সামনে তাৎক্ষণিকভাবে তাদের দেহ তল্লাশি করে স্থানীয়রা। এসময় তাদের মধ্যে কেউ কেউ ফেইসবুক লাইভ করেন। যা মহূর্তের মধ্যে এলাকায় ভাইরাল হয়ে যায়।
এ সংবাদ পেয়ে বদলগাছী থানার সহকারি কমিশনার (ভূমি) ও ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
ঘঠনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা সত্যতা স্বীকার করলে দন্ডবিধি ১৮৬০ অনুসারে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।