ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো সম্প্রতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নতিকরনের বিষয়ে আইবিএফবি এর পরিচালনা পর্ষদ এবং
প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি এ সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দিতে আইবিএফবি অফিস পরিদর্শন করেন।
সুবোলো বলেন, তিনি প্রায় দুই বছর ধরে বাংলাদেশে আছেন এবং এই দুই দেশের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন অর্থাৎ উভয়ই মুসলিম দেশ, খাদ্য এবং সংস্কৃতিতেও অনেক মিল আছে। কিন্তু চ্যালেঞ্জও আছে, অনেক ইন্দোনেশিয়ান বাংলাদেশকে চেনেন না এবং অনেক বাংলাদেশি ইন্দোনেশিয়া সম্পর্কে জানেন না। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পক্ষে প্রচারের চেষ্টা করছেন। তিনি বাংলাদেশী ব্যবসায়ী সম্প্রদায়কে পর্যটনের জন্য ইন্দোনেশিয়া ঘুরে দেখার অনুরোধ জানান।
ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি এবং বাংলাদেশের বাজারে ইন্দোনেশিয়ার পণ্য আমদানি করে আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ইন্দোনেশিয়ার ব্যবসায়িক অংশীদার হতে পারে বলেও তিনি মতামত প্রকাশ করেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ২০২১ সালে বাংলাদেশে রপ্তানি করে এমন পণ্যের মধ্যে ছিল পাম অয়েল ($১.৩৬ বিলিয়ন), কয়লা ব্রিকেটস ($৪৩২ মিলিয়ন) এবং সিমেন্ট ($১৬৬ মিলিয়ন)। বাংলাদেশ পাটের সুতা, বুনা টি-শার্ট, নারীদের নন-নিট স্যুট রপ্তানি করে এবং রপ্তানির পরিমাণ ঊর্ধ্বগামী। ইন্দোনেশিয়া বাংলাদেশী ওষুধ, কৃষিপণ্য, পোল্ট্রি, পাট ও চামড়াজাত পণ্য এবং জুতার জন্য একটি বড় বাজার হতে পারে।
আইবিএফবি এর সভাপতি হুমায়ুন রশীদ রাষ্ট্রদূতকে
আইবিএফবি এর ভূমিকা ও কার্যাবলী অবহিত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিএফবি এর সদ্য সাবেক সভাপতি হাফিজুর রহমান খান, আইবিএফবি এর ভাইস প্রেসিডেন্ট এম.এস. সিদ্দিকী, আইবিএফবি এর ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স লুৎফুন্নিসা সৌদিয়া খান, আইবিএফবি এর উপদেষ্ঠা ড. মুহাম্মদ আবদুল মজিদ, সাবেক সচিব ও চেয়ারম্যান, এনবিআর; সৈয়দ মুস্তাফিজুর রহমান, পরিচালক, আইবিএফবি; ইঞ্জি. রাজীব হায়দার, পরিচালক আইবিএফবি ইঞ্জি. উৎপল কুমার দাস, চেয়ারম্যান, লিয়াজোঁ কমিটি, আইবিএফবি মোজাহাঙ্গীর কবির (শিমুল), ভাইস চেয়ারম্যান, লিয়াজোঁ কমিটি, আইবিএফবি এস এম ওয়াহিদুজ্জামান বাবু, ভাইস-চেয়ারম্যান, ফিনান্স কমিটি, আইবিএফবি এবং আইবিএফবি’র আজীবন সদস্য মতিউর রহমান সহ আইবিএফবি’র পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।