নির্বাচনী প্রচার-প্রচারনা নিয়মিত চললেও পর্দার আড়ালে চলে গেছেন সুনামগঞ্জ-৫ আসনের প্রধান দু’প্রতিদ্বন্দ্বি প্রার্থী। ফলে নির্বাচনী উত্তাপটাও অনেকটাই কমে গেছে নির্বাচনী মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমও নিরুত্তাপ বলা যায়। নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রাথী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীকে শোকজ করেন নির্বাচন অনুসন্ধাণ কমিটি।
গত ১৩ ডিসেম্বর শামীম আহমদ চৌধুরী ও ১৪ ডিসেম্বর মহিবুর রহমান মানিক শোকজের লিখিত জবাব দিয়ে মুক্ত হয়েছেন বলে জানা গেছে। মুহিবুর রহমান মানিক বলয়ের আওয়ামীলীগ নেতা নজমুল আহমদ এবং শামীম আহমদ চৌধুরী বলয়ের পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল তালুকদার জনি বিষয়টি নিশ্চিত করেছেন। শোকজের পর থেকে নির্বাচনী প্রচারনায় অনেকটাই পর্দার আড়ালে চলে যান হেভীওয়েট এ দু’ প্রার্থী। তবে প্রার্থী ছাড়া কর্মী-সমর্থকরা প্রচার-প্রচারনা চালিয়ে মাঠ সরগরম রাখার চেষ্টা করছেন। প্রার্থীদের পক্ষে প্রতিদিনই চলছে মতবিনিময়, উঠান বৈঠক, কর্মী সভার নামে নির্বাচনী প্রচারাভিযান। তবে এসব নির্বাচনী সভায় প্রার্থী না থাকায় নির্বাচনী উৎসবটা ঠিক জমে উঠছে না বলে সাধারন ভোটাররা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক উভয় প্রার্থীর ঘনিষ্ট দু’ নেতা জানান, নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। পোষ্টার, লিফলেট সহ প্রচার কাজের যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে। ১৮ ডিসেম্বরের পর পুরোদমে চলবে নির্বাচনী প্রচারাভিযান।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা পেয়েছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর পক্ষে প্রচার-প্রচারনা ছাড়া অন্য কোন প্রার্থীকে নির্বাচনী মাঠে এখন পর্যন্ত দেখা যায়নি।