সুনামগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন পেতে ছাত্রলীগের সাবেক ৫ নেতা সহ ৭ জনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করা ৭ জনই ছাতক উপজেলার বাসিন্দা। এর মধ্যে ৩ জন হলেন যুক্তরাজ্য প্রবাসী। এরা সবাই সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ও নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচন করতে আশাবাদী। মুহিবুর রহমান মানিক ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সংসদীয় সুনামগঞ্জ-৫ আসনের বর্তমান নির্বাচিত সংসদ সদস্য। ইতিমধ্যেই তিনি ৪ বার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে ছাতক-দোয়ারার প্রতিনিধিত্ব করে আসছেন। এবারো তিনি এ আসনে ৫ম বারের মতো নির্বাচন করার প্রত্যাশায় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মুহিবুর রহমান মানিক এমপি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের বাসিন্দা। জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ছাতক-দোয়ারার নির্বাচনী মাঠে কাজ করা শামীম আহমদ চৌধুরী দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনে শামীম আহমদ চৌধুরীর আওয়ামীলীগের মনোনয়ন লাভের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। তখন তার পক্ষে জোরালো সমর্থনও উঠেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। দলীয় আস্থা মুহিবুর রহমান মানিকের পক্ষেই চলে গিয়েছিল। পরে দলীয় হাইকমান্ডের নির্দেশনা মতে মুহিবুর রহমান মানিক ও শামীম আহমদ চৌধুরীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের দৌড়ে শামীম আহমদ চৌধুরী আলোচনার শীর্ষে উঠে এসেছেন। ‘মানিক না শামীম’ কে পাচ্ছেন সুনামগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন-এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গোটা নির্বাচনী এলাকা জুড়ে। শামীম আহমদ চৌধুরী কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, বর্তমান সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ছাতক শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা। এ ছাড়া আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা, সিলেট ল কলেজের জিএস আনিসুজ্জামান আজাদ। তিনিও দলীয় মনোনয়ন লাভে অত্যন্ত আশাবাদী। তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও যুক্তরাজ্যের কমিউনিটি নেতা। তিনি উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের গোড়াদেও(মনিজ্ঞাতি) গ্রামের বাসিন্দা। ছাতক উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুস শহীদ মুহিত, আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই তিনি সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমান উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ মুহিত উপজেলার গোয়াসপুর গ্রামের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মাওলানা আক্তার হোসেন দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় মাওলানা আক্তার হোসেন উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা।
এদিকে যুক্তরাজ্যের রদারহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এম শাহাব উদ্দিন এবং যুক্তরাজ্য কমিউনিটি নেতা মতিউর রহমান নানু আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন। মতিউর রহমান নানু গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের বাসিন্দা এবং টিএম সাহাব উদ্দিন দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের বাসিন্দা। তবে কে পাচ্ছেন আওয়ামীলীগের নৌকা প্রতীক এর জন্য ১৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে