

ঢাকা সিলেট মহাসড়কের রাতের অন্ধকারে বড় ধরনের নাশকতা সৃষ্টির সময়ে পুলিশ নবীগঞ্জ উপজেলার মিনাজপুর থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০ টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কে বা কারা মহাসড়কের উপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এসময় নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করলে দুবৃত্তরা স্থানীয় হাওরের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী একটি খাল থেকে ৪ টি পেট্রোল বোমা সহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করে। পরে নবীগঞ্জ থানায় এগুলো নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছের একটি খাল থেকে ৪ টি পেট্রোল বোমা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করেছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।