

টিভি উপস্থাপক হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের জিবি নিউজে উপস্থাপক ও বিশ্লেষক পদে যোগ দিতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বরিস জনসন। ২০২২ সালের জুনে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর উক্সব্রিজ ও দক্ষিণ রুইসলিপের এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরপর ছাড়েন এমপি পদও। ফিরে যান, নিজের আগের পেশা সাংবাদিকতায়। বর্তমানে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে কলাম লেখকের কাজ করছেন বরিস।
এবার নিজের মিডিয়া ক্যারিয়ার আরও বড় করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। নিজেই এক টুইটে একথা নিশ্চিত করেছেন তিনি। এক্স-এ পোস্ট করা এক টুইটে তিনি বলেন, ‘আমি নতুন এই টিভি চ্যানেলে আমার বিশ্লেষণ হাজির করবো। রাশিয়া থেকে শুরু করে চীন পর্যন্ত, ইউক্রেনের যুদ্ধ-সবকিছু নিয়ে আমরা যে চ্যালেঞ্জের মুখে পড়ি কিংবা আমাদের সামনে যেই সুযোগ আছে, তা নিয়ে কথা বলবো আমি।’
জিবি নিউজের পক্ষ থেকে জানানো হয়, বরি জনসন একজন উপস্থাপক ও প্রোগ্রাম নির্মাতা হিসেবে কাজ করবেন। ২০২৪ সালের শুরুর দিকে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এবং ব্রিটেনের আসন্ন নির্বাচন কাভার করবেন।
২০২১ সালে যাত্রা শুরু করে জিবি নিউজ। সংবাদ, বিশ্লেষণ ও মতামতভিত্তিক এই চ্যানেলটি ইতিমধ্যে সবার নজরে এসেছে। ব্রিটিশ মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা একাধিকবার এই চ্যানেলের বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ তুলেছে।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি