মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মির্জা ফখরুল

খালেদা জিয়ার কিছু হলে সব দায় সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

খালেদা জিয়ার কিছু হলে সব দায় সরকারের মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। আজকে তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। সরকারকে বলব, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিন। তার কিছু হলে সারা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হবে। ম্যাডামের কিছু হলে সব দায় সরকারকে নিতে হবে।

রোববার বিকেলে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, একটা বেআইনি সরকারকে আবার প্রতিষ্ঠিত করবার জন্য, গণবিরোধী সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য আপনারা দয়া করে কোন অবস্থান নেবেন না। কারণ এখন বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আপনারা যতই চেষ্টা করেন, এই বাংলাদেশের মানুষকে আর ঘরে ফেরাতে পারবেন না।

তিনি বলেন, আমরা এখনও শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণ থাকব, শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ করে যাব এবং আশা করব এই শান্তিপূর্ণ প্রতিবাদের কথা শুনে শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হবে। তিনি পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে।

ফখরুল বলেন, ‘ভিসানীতি স্বাধীন দেশের জন্য অপমানজনক। এর জন্য সরকার দায়ী। শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষও সরকারকে স্যাংশন দিয়েছে।

তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, এই এশিয়া উপমহাদেশে যে কয়জন নেতা-নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তাদের কয়েকজনের মধ্যে আমাদের নেত্রী আছেন। কয়েকদিন আগে আমাদের অফিসে জার্মান চার্জ দ্য এ্যাফেয়ার্স এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলে, “আপনাদের ম্যাডাম কেমন আছেন? আমরা তার স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা তাকে অন্যভাবে দেখি।” এই হচ্ছে পাশ্চাত্যের ধারণা।

বিদেশে যেতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে আইনমন্ত্রী আনিসুল হকের এরকম বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব ছলচাতুরি করে কোনো লাভ নেই। পরিবার থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে তার মুক্তির কথা বলা হয়েছিল। একই সঙ্গে তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথাও বলা হয়েছিল। আপনারা এখন বেমালুম চেপে গিয়ে মিথ্যা কথা বলছেন। আমি বলব, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে এখনও প্রমাণ করেন যে, আপনারা গণতন্ত্রের কিছুটা হলে বিশ্বাস করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যে নেত্রী অত্যন্ত শক্ত মনের, জোর নিয়ে সমস্ত প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠেন, যিনি ৫ বছর বন্দি থাকা অবস্থাও কোনোদিনও তার চোখে আমরা পানি দেখিনি। শনিবার তাকে অত্যন্ত অসুস্থ দেখেছি। প্রথমবারের মতো মনে হয়েছে, সত্যি ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102