

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় তিনি জানান, একনেক বৈঠকের শুরুতে পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকদের সংগঠন ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) প্রকাশনা ‘স্টেট অব দ্য ডেভেলপমেন্ট: ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস’র মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
ডিজেএফবি’র সভাপতি হামিদ উজ জামানের পক্ষে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি ডিজেএফবি সম্পর্কে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনাকে অবহিত করেন।
বৈঠক শেষে ব্রিফ্রিং এর সময় আবারও বইটির প্রকাশনা করা হয়। এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিজেএফবির প্রকাশনা হাতে নিয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডিজেকে ধন্যবাদ জানান।’
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম